ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে ক্যাম্পের নিজ কক্ষে সার্ভিস পিস্তলের গুলিতে প্রাণ হারান জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামের এক উপপরিদর্শক (এসআই)।
নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলী আকবর তালুকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের কক্ষে অবস্থান করছিলেন ওই কর্মকর্তা। এ সময় নিজের নামে বরাদ্দ করা সার্ভিস পিস্তল থেকে গুলি ছোড়েন তিনি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এলেও ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজ নামে ইস্যু করা পিস্তল দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা পৌঁছানোর পর তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানা যাবে।
সদ্য সংবাদ/এজে