বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ দেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান শেষে এগুলো রেলওয়ের বহরে যুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দর্শনা সীমান্তে কোচগুলো গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা।
দেশে আসা ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেলকোচ কারখানা থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পরে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থানের পর শুক্রবার পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত হয়ে বাংলাদেশের দর্শনায় পৌঁছায় সেগুলো।
দর্শনা বন্দরে কাস্টমসের ছাড়পত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করা হবে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলো রেলওয়ের বহরে যুক্ত করা হবে। এর মাধ্যমে যাত্রীসেবা বাড়বে বলে আশা করছেন তাঁরা।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো প্রথমে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে ট্রায়াল রান ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে এগুলোর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলকোচ সরবরাহের কথা রয়েছে। দেশে পৌঁছানো ১৮টি কোচ ওই চুক্তির প্রথম চালান।
সদ্য সংবাদ/এসকে