রাজবাড়ীতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের বাইরের অংশে থাকা ব্যানার ও বৈদ্যুতিক লাইট পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবেশপথের ক্লপসেবল গেটও। তবে আগুন কার্যালয়ের ভেতরে ছড়িয়ে পড়েনি।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে কোনো একসময় শহরের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দলীয় কার্যালয়ের কেয়ারটেকার আতর আলী জানান, রাত ১টার দিকে কার্যালয়ের কক্ষ ও গেটের তালা পরীক্ষা করে তিনি সেখান থেকে চলে যান। ওই সময় আগুন বা অন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পাননি। সকালে খবর পেয়ে ফিরে এসে কার্যালয়ের গেটে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান এবং নেতাদের জানান।
ঘটনার খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ তদন্ত শুরু হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির নেতারা এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তার অভিযোগ, একাধিক মামলার আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এখনও প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং তাদের মধ্য থেকেই কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারেন।
আরেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব ঘটনার নিন্দা জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি করেন। তার ভাষ্য, প্রকাশ্যে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম দুলালও ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি জানান, পুলিশি তদন্তের পাশাপাশি দলীয়ভাবেও বিষয়টি খতিয়ে দেখা হবে। তার দাবি, আগুন কার্যালয়ের ভেতরে ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।
এদিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে বলে জানান তিনি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে পুলিশ তদন্ত করছে।
তবে এখন পর্যন্ত আগুন দেওয়ার ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসকে