ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন সিলেটের উদ্দেশে রওনা হওয়ার সময় স্টেশনের ইয়ার্ডসংলগ্ন এলাকায় ট্রলিটির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে দুর্ঘটনার পর আপলাইন ব্যবহার করে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল চালু রাখা হয়। এ ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
লাইনচ্যুত ট্রলিটি উদ্ধারে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেন রেলওয়ের কর্মীরা। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলিটি উদ্ধার করা সম্ভব হয়। এরপর ডাউন লাইনেও ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, ট্রলির চাকা লাইনচ্যুত হওয়ার পর ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। উদ্ধারকাজ শেষ হওয়ার পর ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে কমিটির প্রধান করা হয়েছে।
তিনি জানান, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসকে