লক্ষ্মীপুরের রায়পুর বাজারে শাহী হোটেল দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন।
আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অভিযোগ ও পুলিশি প্রতিবেদন পর্যালোচনার পর বিচারক অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
পরোয়ানাভুক্ত ফয়সাল হোসেন ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে।
মামলার অপর আসামিরা হলেন রায়পুর উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রায়পুর বাজারের প্রধান সড়কে অবস্থিত শাহী হোটেলটি দখলের চেষ্টা করার অভিযোগ ওঠে আসামিদের বিরুদ্ধে। এ সময় হোটেলের মালিক হাবিব উল্যাহকে একাধিকবার ভয়ভীতি দেখানোরও অভিযোগ করা হয়।
ঘটনার পর ৮ জুলাই হাবিব উল্যাহ বাদী হয়ে রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন। মামলায় ফয়সাল হোসেনসহ ছয়জনকে আসামি করা হয়।
বাদী হাবিব উল্যাহ রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে। মামলার পর পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে।
সোমবার ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত বাদী ও সাক্ষীদের বক্তব্য গ্রহণ করেন। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সদ্য সংবাদ/এসএস