কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পৌর এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক দুজন হলেন-নাঙ্গলকোট পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলাল হোসেন শিমুন এবং পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদ উল্লাহ। তারা দুজনই পৌরসভার গোত্রশাল গ্রামের বাসিন্দা। বেলাল হোসেন শিমুন ওই গ্রামের প্রয়াত তাজুল ইসলাম মেম্বারের ছেলে। আর অহিদ উল্লাহ প্রয়াত আমান উল্লাহর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নেতা হিসেবে পুলিশের নজরদারিতে ছিলেন।
এদিকে তাদের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবদুর রাজ্জাক সুমন। তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ স্বাধীনতার পক্ষের রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের নেতা। তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শনিবার তাদের কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এসএস