জামালপুরে সড়ক নিরাপত্তা ও একটি পরিবহন প্রতিষ্ঠানের রুট পারমিট বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে আয়োজকরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে হামলার প্রতিবাদে এনসিপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আয়োজকদের অভিযোগ, রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলছিল। এ সময় জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের কিছু লোকজন সেখানে এসে হামলা চালায়।
হামলায় আহতদের মধ্যে জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবিদ সৌরভ এবং জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিমুল ইহসান, রেদোয়ান খন্দকার মাহিনের নাম জানা গেছে। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে হামলা করা হয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তবে হামলার অভিযোগের বিষয়ে বাস মালিক বা শ্রমিক ইউনিয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনার পর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হামলাকারীদের বিচারের দাবি জানান।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সদ্য সংবাদ/এসএস