ময়মনসিংহের সদর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত কমপক্ষে ২০ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে আরও দুজন মারা যান।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা গ্রামের আ. রাজ্জাক এবং ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০)। অপর নিহত ব্যক্তি আনুমানিক ৫০ বছর বয়সী একজন পুরুষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী রাজ্জাক নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা অন্তত ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেন।
আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, ‘আহত অবস্থায় হাসপাতালে ছয়জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।’
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ সূত্র: টাইমস অব বাংলাদেশ
সদ্য সংবাদ/ এআর