পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মেহেদী হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
মেহেদী হাসান মামুন মঠবাড়ীয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের সব পদ ও পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঠবাড়ীয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেদী হাসান মামুনের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের যোগাযোগ না রাখতে দলের স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। মঠবাড়ীয়া পৌরসভা বিএনপি এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় দলীয় সূত্রের ভাষ্য, সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক পরিবেশ ঠিক রাখতে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের দলীয় নিয়মকানুন মেনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস