মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীনগর বাজারের জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার নেতৃত্বে নেতাকর্মীরা র্যালির প্রস্তুতির জন্য জমায়েত হচ্ছিলেন। জমজম টাওয়ার থেকে ডাকবাংলো পর্যন্ত আনন্দ মিছিল করার কথা ছিল তাদের।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান খানের সমর্থকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরে একদল লোক লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অহিদুল ইসলাম খোকন মেম্বার, রাহাত চোকদার, জসিম দেওয়ান ও বাবুল খানসহ কয়েকজন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের একজনের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তও আহত হন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করে পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
তবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় দুই পক্ষের এমন সংঘর্ষে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস