সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শিমান্তো স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে তাকে অবহিত করেন।
এ ছাড়া সীমান্তে নজরদারি ও বিভিন্ন অভিযানে বিজিবির ব্যবহৃত ড্রোনের কার্যকর প্রয়োগ এবং ড্রোন পাইলটদের প্রশিক্ষণ পরিকল্পনার বিভিন্ন দিকও তুলে ধরা হয়।
পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির বহুমুখী ব্যবহার তুলে ধরা হয়।
মহড়ায় ড্রোনের সহায়তায় বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের অভিযান পরিচালনা, চোরাচালানবিরোধী কার্যক্রমে সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের প্রক্রিয়া এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ ঠেকাতে ড্রোন ব্যবহারের কৌশল প্রদর্শন করা হয়।
এ সময় অনুপ্রবেশকারী কিংবা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি-ড্রোন সিস্টেমের ব্যবহারিক প্রয়োগও দেখানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজিবিতে যুক্ত বিভিন্ন ধরনের ড্রোনের সমন্বয়ে বিশেষ ফ্লাই-পাস্ট প্রদর্শন করা হয়। এতে ম্যাভিকসহ বিভিন্ন ড্রোন অংশ নেয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নজরদারি আরও কার্যকর করা এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সদ্য সংবাদ/এসকে