ঢাকার কেরানীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সংস্কৃতিপ্রেমী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা নজরুলের সাহিত্যকর্ম ও তাঁর জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে বার্তা নজরুল তাঁর লেখনীতে তুলে ধরেছেন, তা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়; তাঁর চিন্তা ও সৃষ্টিকর্ম বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক। শিক্ষার্থীদের নিয়মিতভাবে নজরুলের সাহিত্য ও সংগীতের সঙ্গে পরিচিত করার মাধ্যমে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়তা করা সম্ভব।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. উমর ফারুক বলেন, নজরুলকে কেবল আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না, তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধ নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। বৈষম্য, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের অবস্থান নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে।
দেশব্যাপী আয়োজিত নজরুল বর্ষের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ৩১ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।
সদ্য সংবাদ/এসএস