উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার দুপুরে তিস্তা ব্যারাজ পরিদর্শনের সময় নদীর পানি পরিস্থিতি, নাব্যতা এবং সেচ কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেন তিনি।
রাষ্ট্রদূতের সঙ্গে সফরে ছিলেন তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল।
ব্যারাজ এলাকায় পৌঁছানোর পর পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা তিস্তা নদীর বর্তমান অবস্থা এবং সেচ প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা, নদীর নাব্য সংকট এবং এর প্রভাবে কৃষকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হয়।
এ সময় তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা এবং নদীঘেঁষা এলাকার মানুষের জীবন-জীবিকা ও আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে আগ্রহ দেখান মার্কিন রাষ্ট্রদূত। পানি ব্যবস্থাপনা ও নদী সংস্কার নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে একটি দুগ্ধ খামার পরিদর্শন করেন তিনি।
তিন দিনের সফরে উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা স্থলবন্দরের চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এবং পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে। পরে পঞ্চগড় সার্কিট হাউজে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এ ছাড়া পঞ্চগড় রকস মিউজিয়াম ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা ঘুরে দেখার কথা রয়েছে। ওই দিন রাতে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন রাষ্ট্রদূত।
সফরের শেষ দিন মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর হরিণমারী সীমান্ত এলাকার ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শন করবেন তিনি। এরপর দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ এবং পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনের সূচি রয়েছে।
পরে রেলপথে পার্বতীপুর থেকে সৈয়দপুরে গিয়ে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করবেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর সৈয়দপুরের চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন শেষে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নীলফামারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, সফরসূচি অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাষ্ট্রদূতের সফর নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন।
তিস্তা ব্যারাজ পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি পর্যায়ের কর্মকর্তারাও রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস