শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা ও ক্যাম্পাসে ক্রীড়ামুখর পরিবেশ তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ সরকারি কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
সোমবার (২৫ আগস্ট) সকালে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় যুক্ত থাকা জরুরি। ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। তিনি কলেজে এমন আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে। শিক্ষাজীবনে ক্রীড়া কার্যক্রমের গুরুত্বও তুলে ধরেন তিনি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের খেলোয়াড়দের নিয়ম-শৃঙ্খলা মেনে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। একই সঙ্গে তিনি টুর্নামেন্টের সফল সমাপ্তি কামনা করেন।
উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়। পরে মাঠে আনুষ্ঠানিক কিক-অফের মাধ্যমে শুরু হয় প্রথম ম্যাচ। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
টুর্নামেন্ট চলাকালে মাঠের শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুয়েল রানা, ইসলামী ছাত্রশিবিরের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন।
সদ্য সংবাদ/এসএস