মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালাবদ্ধ করে পালালেন বাবা

জ
জামালপুর প্রতিনিধি
২৩ আগস্ট, ২০২৬ ২১:০৫:০৭

জামালপুর শহরের পাঁচরাস্তা মোড়ের কলাবাগান এলাকার একটি পাঁচতলা ভবন থেকে ইসরাত জাহান মাম্মী (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের স্বামী কাওসার আহমেদ শাওনকে খুঁজছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে কলাবাগান গলির ইব্রাহিম হোসেনের সাততলা ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান সাম্মী দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। তাদের ১০ বছর বয়সী একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। কাওসার শহরের বাগেরহাটা বটতলা এলাকায় একটি মনোহারি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ইসরাত ও কাওসার দম্পতি কলাবাগান এলাকার ওই বাসায় ভাড়া ওঠেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। শনিবার রাতে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে কাওসার দুই সন্তানকে একটি কক্ষে আটকে রেখে স্ত্রী ইসরাতকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরে রোববার সকালে কাওসার সন্তানদের উদ্দেশে বলেন, ‘তোমরা থাকো, আমি চলে গেলাম’ এরপর দুই সন্তানকে ঘরের ভেতরে রেখেই বাইরে থেকে মূল দরজায় তালা দিয়ে চলে যান তিনি।

এদিকে ঘরের ভেতর থেকে দুই সন্তান জানালা দিয়ে চিৎকার করে স্থানীয়দের জানান, তাদের মা ঘরের মেঝেতে পড়ে আছেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে দুই সন্তানকে উদ্ধার এবং ইসরাতের মরদেহ উদ্ধার করে।

নিহতের ১০ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার সিনহা জানায়, তার বাবার অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। এ নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাবা তাদের অন্য একটি কক্ষে আটকে দেন। সকালে ঘুম থেকে ওঠার পর বাবা দরজা খুলে বলেন, ‘তোমরা থাকো, আমি চলে গেলাম।’ এরপর বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যান। পরে তারা জানালা দিয়ে চিৎকার করে স্থানীয়দের জানান।

বাসার মালিক ইব্রাহিম হোসেন বলেন, ‘তারা প্রায় এক মাস আগে আমার বাসায় ভাড়া এসেছেন। ভাড়া দেওয়ার সময় তাদের জাতীয় পরিচয়পত্রের কপি নিইনি। এটা আমার ভুল হয়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘প্রাথমিকভাবে আমরা এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু