বয়সের ভারে নুয়ে পড়েছেন ৭০ ছুঁইছুঁই নুরজাহান বেগম। ২২ বছর আগে স্বামীকে হারিয়েছেন। কোলজুড়ে আসেনি কোনো পুত্রসন্তান। একটামাত্র মেয়ে, সেও বিধবা। পেটের তাগিদে মানুষের বাসা-বাড়িতে বা কল-কারখানায় হাড়ভাঙা খাটুনি খেটে সংসার চালান সেই মেয়ে। দিন শেষে নুন আনতে পান্তা ফুরায়; তিন বেলা দু’মুঠো ভাত যেখানে দিবাস্বপ্ন, সেখানে ঘরের চালের দিকে তাকানো যেন বিলাসিতা।
অভাবের তাড়নায় প্রতিদিন রাতে মাত্র একবার হাঁড়ি চড়ে তাদের। অন্য সময় কেন রান্না হয় না- জানতে চাইলে এক বুক দীর্ঘশ্বাস ফেলে নুরজাহান বেগম বলেন, কি করে রান্না করবো বাপ? ঠিকমত বাজারই তো করতে পারি না। তার ওপর নাতনির বিয়ের লোন শোধের নির্মম কষ্টিপাথর। মাথার ওপর জরাজীর্ণ ঘর, সামান্য বৃষ্টিতেই চাল চুইয়ে পড়ে পানি। ভিজে একাকার হয়ে যেত বিছানা বালিশ।
নিদারুণ এই কষ্টে থাকা অসহায় নারীর আকুতি পৌঁছে যায় মানবিক হৃদয়ে। নুরজাহান বেগমের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি মোঃ নাজমুল হোসেন।
সম্প্রতি ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের মেম্বার প্রার্থী ইমতিয়াজ আহমেদ এরশাদের সার্বিক তত্ত্বাবধানে নুরজাহান বেগমের ভগ্নপ্রায় ঘরটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দেওয়া হয় দুই বান নতুন টিন, ঘরের প্রয়োজনীয় বাঁশ, খুঁটি, বাত্তা এবং কারিগরের মজুরির পুরো অর্থ।
টিন ও নির্মাণসামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নুরজাহান বেগম। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, আজ ২১-২২ বছর স্বামী মারা গেছে। দুই-তিন বছর ধরে ঘরে থাকতে পারি নে, বৃষ্টিতে পানি পড়ে। এ পর্যন্ত কেউ আমারে কিছু করে দেয় নাই। আজকে এই বাবাজিরা আমারে এই কষ্ট থেকে উদ্ধার করলো। আমি ওদের জন্য মন থেকে দোয়া করি, শুকর আলহামদুলিল্লাহ।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি মোঃ নাজমুল হোসেন বলেন, আজকে আমরা টিন ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে গেলাম, কাল থেকেই ঘর তৈরির কাজ শুরু হবে। বিত্তবানদের সহযোগিতায় আমরা দীর্ঘদিন ধরে টিউবওয়েল স্থাপন, ঘর নির্মাণ, হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজ করে আসছি। অসহায় মানুষের পাশে আমাদের এই দাঁড়ানোর চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত মানবিক সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইমতিয়াজ আহমেদ এরশাদ, সেক্রেটারি ফারুক হোসেন, হাসিফ হোসেন, বদর উদ্দিন, হাসান আলী, সোবহান হোসেন এবং সাকিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সদ্য সংবাদ/এসকে