সিরাজগঞ্জে যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন হত্যার রায়ে পরিবারের অসন্তোষ প্রকাশ

স
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট, ২০২৬ ২২:৫০:৪৯
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ফুটবলার সেলিম রেজা সুজন হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামিকে খালাস দেওয়ায় রায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। একই সঙ্গে খালাসপ্রাপ্ত দুই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সেলিম রেজা সুজনের মা মোছা. মাজেদা সামাদ। এ সময় উপস্থিত ছিলেন নিহতের ছোট ভাই মো. আরিফ সখ, রোকনুজ্জামান রোকন, মো. হিমেল সেখ।

লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে বলা হয়, সেলিম রেজা সুজন ছিলেন পরিবারের সবার বড় সন্তান। তার হত্যাকাণ্ডের পর পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিল। প্রায় ১১ বছর পর মামলার রায় হলেও দুই আসামি খালাস পাওয়ায় তারা হতাশ ও ক্ষুদ্ধ।

নিহতের স্বজনরা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। খালাসপ্রাপ্ত দুই আসামির রায় পুনর্বিবেচনা করে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান তারা।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক শায়লা শারমিন এ মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ।

রায়ে পাবনা সদর উপজেলার আটুয়া হাউসপাড়া গ্রামের উম্মে জামিলা তিথী (৩৭) ও শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের মনিরুল ফকির (৩৪)- কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলাম রাশেদ (৪৪) এবং তিথীর ছোট ভাই মো. পিয়াস হোসেন (৩৫)- কে খালাস দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১ জুন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিরাজগঞ্জ শহরের মিরপুর উত্তর হাজীপাড়া এলাকায় সেলিম রেজাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা মোছা. মাজেদা সামাদ বাদী হয়ে তার পুত্রবধূ উম্মে জামিলা তিথী, পিয়াস হোসেনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

এজাহারে অভিযোগ করা হয়, ঘটনার দিন দুপুরে সেলিম রেজা পুকুরে গোসল করতে যাওয়ার আগে তার স্ত্রী তিথী তাকে বোতলে করে শরবত দেন। শরবত পান করার পর ঘুম পেলে তিনি নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়েন। পরে তিথী বিভিন্ন অজুহাতে বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যায় মেয়েকে নিয়ে বাসায় ফিরে শিশুটি তার বাবাকে ঘরের মেঝেতে গলায় জখম অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে পরিবারের সদস্যরা সেলিম রেজাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার এজাহারে ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাপাতি উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।

নিহতের মায়ের অভিযোগ ছিল, তিথীর সঙ্গে অন্য এক ব্যক্তির কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে সেলিম রেজাকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার পর আসামিদের গ্রেপ্তার করা হয়। বাদীপক্ষের দাবি, পরবর্তীতে আরও দুই ব্যক্তি জেলহাজতে থাকা আসামিদের সঙ্গে দেখা করতে গেলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদেরও গ্রেপ্তার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলেও বাদীপক্ষ দাবি করেছে।

রায় ঘোষণার পর আদালত এলাকায় বাদীপক্ষের লোকজন বিক্ষোভ করেন। তারা খালাসপ্রাপ্ত আসামিদের সাজা ও মৃত্যুদণ্ডের দাবি জানান। এ সময় আদালত এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।

সেলিম রেজা সুজন শহর যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ডিশ লাইন ও বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে পরিবারের সদস্যরা সেলিম রেজা সুজন হত্যা মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু