দিনাজপুরের হিলিতে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই মাদক কারবারিসহ নিষিদ্ধ সংগঠন দিনাজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি মিনহাজ হাসানকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) ভোররাতে হিলির সাতকুড়ি রেলগেট ও খট্টামাধবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মিনহাজ হিলির লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
অন্যদিকে, মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মমিন হোসেন ও আরিফ হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। আটক মোমিন হোসেন উপজেলা সাতকুড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে এবং ঘাসুরিয়া গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে আরিফ হোসেন।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। সেই ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি মিনহাজ হাসানকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে আরো দুজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত থাকবে।
সদ্য সংবাদ/এসএস