ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার বিকেলে লাউরফতেহপুর খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার হাজারো দর্শক।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, সাজেদুল ইসলাম সুমন দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ২৪শে গণঅভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন সাজেদুল ইসলাম সুমন। সাজেদুল ইসলাম সুমনসহ বিগত দেড় দশক ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা ঘুম হত্যা হয়েছেন এবং ২৪শে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানান তিনি।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান (আতিক) এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নজরুল ইসলাম নজুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২-১ গোলে রতনপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করেন কসবা ইউনাইটেড ফুটবল একাডেমী। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
সদ্য সংবাদ/এসআর