রাজশাহীতে যুবদলের একটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর রাত সোয়া ১২টার দিকে নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের একটি আঞ্চলিক কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। মামলার এজাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীদের বিরুদ্ধে ককটেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
গ্রেপ্তার শুভ কুমার মণ্ডল (২৭) যশোরের কোতোয়ালি থানার বালিয়াঘাট গ্রামের কংকর মণ্ডলের ছেলে। নাহিদ হাসান (২৬) নড়াইলের কালিয়া থানার বড় কালিয়া গ্রামের মোহাম্মদ আকসির আহমেদের ছেলে।
এর আগে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাঁদের আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে দুজনকে হেফাজতে নেয়।
এদিকে একই মামলার আরেক আসামি সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফকে (২২) গত ১০ নভেম্বর বিকেলে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি নগরীর পবা থানার বেনুয়া খোলা ভুনা গ্রামের আনিসুর রহমান দুলালের ছেলে।
সদ্য সংবাদ/এজে