বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৪র্থ নোবিপ্রবি ন্যাশনাল সায়েন্স ফেস্ট-২০২৬’। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নোবিপ্রবির সায়েন্স ফেস্ট শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী আয়োজন। এবারের আয়োজনে প্রায় ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণ শিক্ষার্থীদের বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহেরই প্রতিফলন।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছে। এসব প্রযুক্তিকে শুধু বিনোদনের জন্য নয়, শিক্ষা, গবেষণা ও নিজেদের সৃজনশীলতা বিকাশে কাজে লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
উপাচার্য আরও বলেন, এবারের ফেস্টে ৩৮টি স্কুল-কলেজ ও ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প নিয়ে অংশ নিচ্ছেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজনকে আরও উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা বাড়ানোর আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপ-উপাচার্য ও সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে যাত্রা শুরু করা নোবিপ্রবি সায়েন্স ক্লাব এবার চতুর্থ জাতীয় সায়েন্স ফেস্ট আয়োজন করছে। শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও উদ্ভাবনী ধারণা থেকে বিভিন্ন প্রকল্প তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এসব উদ্যোগ তাদের ভবিষ্যতে বিজ্ঞানী ও গবেষক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদুজ্জামান, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও সায়েন্স ক্লাবের উপদেষ্টারা। অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
থাকছে ৯টি প্রতিযোগিতা
এবারের সায়েন্স ফেস্টে নোবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য মোট নয়টি সেগমেন্ট রাখা হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনটি প্রতিযোগিতা- পোস্টার প্রেজেন্টেশন, ‘থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন’ এবং রোবট লাইন রেস কম্পিটিশন।
নোবিপ্রবির শিক্ষার্থীদের জন্য থাকছে প্রোগ্রামিং কনটেস্ট, ই-স্পোর্টস, দাবা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। আর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে প্রজেক্ট শোকেজ ও সায়েন্স অলিম্পিয়াড।
আয়োজকরা জানান, নয়টি সেগমেন্টে বিজয়ীদের মধ্যে মোট ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। দুই দিনব্যাপী এ আয়োজনে নোবিপ্রবিসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
সদ্য সংবাদ/এসকে