রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার সাভারের বিরুলিয়া ও গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকায় পৃথক অভিযানে সোহেল ওরফে পাত্তা সোহেল (৩০) ও সুজন ওরফে মুখপোড়া সুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেলকে সাভারের বিরুলিয়া থেকে এবং সুজনকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়। দু’জনই পেশাদার ভাড়াটে খুনি এবং দীর্ঘদিন ধরে অপরাধচক্রের সঙ্গে জড়িত।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব-৪।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবী সেকশন-১২–এর একটি হার্ডওয়্যার দোকানে বসা অবস্থায় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত গুলিবর্ষণ করে। দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথা, বুকে ও পিঠে কাছ থেকে সাত রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশের ভাষ্য, গ্রেফতারকৃত সোহেল ও তার দলের সদস্যরাই হত্যাকাণ্ডটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে। তদন্তকারীরা মনে করছেন, এর পেছনে দেশ–বিদেশে অবস্থানরত একটি সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় ছিল।