এইচএসসি ও সমমান পরীক্ষার এবারের ফলাফলে ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। দুই বিষয়ে মিলিয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ২১ জন। এর মধ্যে ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন।
এবারের ফলাফলে গত বছরের তুলনায় পাসের হারও কমেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন। আর ছাত্রী ছিলেন ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবারের পরীক্ষা।
গত ২ জুলাই শুরু হওয়া এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে ওই বোর্ডের পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
সার্বিক ফলাফলে পাসের হার কমার পাশাপাশি ইংরেজি ও আইসিটি বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি এবারের ফলাফলে বিশেষভাবে আলোচনায় এসেছে।
সদ্য সংবাদ/এসএস