শীতের বিকেলের সোনালি আলোয় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া–বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছিল আনন্দ ও উন্মাদনার এক অনন্য মেলা। শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে গ্রামীণ জনপদের হাজারো ফুটবলপ্রেমী মাঠে ভিড় জমায়।
দেশি ও বিদেশি খেলোয়াড়দের এক নজর দেখতে কেউ উঠেছেন গাছের ডালে, কেউ স্কুল ভবনের ছাদে, আবার কেউ বটগাছে ঝুলেও খেলা দেখেছেন। দুপুরের পর থেকেই বল্লভদী স্কুল মাঠের চারপাশ মুখরিত হতে থাকে ফুটবলপ্রেমীদের পদচারণায়। আশপাশের গ্রাম থেকে দল বেঁধে ছুটে আসেন দর্শকরা। সবার প্রত্যাশা ছিল মাঠে বসে একটি জমজমাট ফুটবল লড়াই উপভোগ করা।
বিকেল সাড়ে তিনটার আগেই বল্লভদী স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেকেই আশপাশের বাড়ির ছাদ ও গাছের ডালে নিজেদের স্থান করে নেন। দর্শকদের চোখেমুখে ছিল আনন্দময় একটি ফুটবল ম্যাচ দেখার উচ্ছ্বাস।
লাল ও নীল জার্সি পরিহিত খেলোয়াড়রা মাঠে নামতেই দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়। খেলা শুরুর পর থেকেই গোল আদায়ের জন্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। খেলোয়াড়রা যখনই বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান, দর্শকদের উচ্ছ্বাস ও উন্মাদনা যেন বাঁধ মানতে চায় না। দীর্ঘদিন পর গ্রামীণ পর্যায়ে এমন দর্শকপূর্ণ মাঠে খেলতে পেরে খেলোয়াড়রাও ছিলেন উচ্ছ্বসিত।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
শিরখাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্রীনদী ফুটবল রাইডারস ও রাধার বাড়ি একাদশের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে গড়ায়। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অসাধারণ দলীয় সমন্বয় ও দৃঢ় মনোবল দেখিয়ে টাইব্রেকারে ৫–৪ গোলে বিজয় অর্জন করে রাধার বাড়ি একাদশ।
রাজৈর থেকে খেলা দেখতে আসা দর্শক সুজন হোসেন রিফাত বলেন, “শ্রীনদী ও রাধার বাড়ির খেলা দেখতে হাজার হাজার ফুটবলপ্রেমীর উপচে পড়া ভিড় দেখে আমি সত্যিই অভিভূত।”
মো. শাওন করিম বলেন, “এত মানুষের সঙ্গে বসে ফুটবল খেলা দেখতে পেরে আমি অভিভূত হয়েছি। খেলাটি সত্যিই দারুণ উপভোগ্য ছিল।”
খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি মোটরসাইকেল এবং রানারআপ দলকে একটি ফ্রিজ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী।