বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে স্থানীয় পেশাজীবীদের নিয়ে এক ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৫টায় মুন্সীগঞ্জ পৌরসভার শহীদ চত্বরসংলগ্ন জামায়াতের জেলা কার্যালয়ে এ ফল উৎসবের আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ পৌর জামায়াতের সভাপতি ইয়াছিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ এ কে এম ফখরুদ্দিন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা এইচ এম বায়েজিদ, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন, পৌর জামায়াত নেতা মহসিন মুন্সী ও আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেশাজীবী ইউনিটের সেক্রেটারি মো. মুরাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক সংগঠন। ১৯৯১ সালে দেশের স্বার্থে বিনা শর্তে বিএনপিকে সরকার গঠনে সমর্থন দিয়ে জামায়াত ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিল। বর্তমানেও দলটি সংসদের ভেতরে ও বাইরে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশের সব পেশাজীবীকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মো. শফিকুল ইসলাম/সদ্য সংবাদ