পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ছাত্রীর নাম সুরাইয়া খাতুন (১৩)। সে ফরিদপুর উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে এবং কালিয়াকোড় পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার সকালে স্থানীয় কৃষকেরা বিলনলুয়া গ্রামের পাশের বিলে কাজ করতে গিয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় একটি কিশোরীর লাশ দেখতে পান। লাশটির হাত-পা ও মুখ বাঁধা ছিল। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরাইয়ার বলে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আকনজি বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’