নোয়াখালীর মাইজদী থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির ৭ জন নেতাকর্মী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে গণমাধ্যমে এ অভিযোগ করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
তিনি জানান, হাতিয়া উপজেলার ছাত্রশক্তির আহ্বায়ক নেয়ামত উল্যাহ নীরব, সুখচর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ ফরিদ উদ্দিন, হরণি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকতার উদ্দিনসহ জাহলার চরে সংঘর্ষে নিহত আলাউদ্দিনের বাবা, স্ত্রী ও দুই সন্তান আদালতে মামলা করতে মাইজদীর উদ্দেশে রওনা হয়েছিলেন। অপহৃতদের মধ্যে ৩–৪ জন ওই হত্যাকাণ্ডে হাতিয়া থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।
আবদুল হান্নান মাসউদ আরও বলেন, মাইজদীর কাছাকাছি পৌঁছালে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাদের তুলে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, ডিবি ও র্যাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই বিষয়টি সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে। এ অবস্থায় তিনি আশঙ্কা প্রকাশ করেন, কোনো দস্যু বাহিনী এই অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং র্যাব-১১ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অপহরণের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।