অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, 'তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন লাভ করেছে, যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সাংবিধানিক প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।'
প্রধান উপদেষ্টা আরও বলেন, 'রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে।'
বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, 'বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ—এসব ক্ষেত্রে সমন্বিত ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপালনকালে তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
সবশেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সকল উদ্যোগের সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির সেবায় তার প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা কামনা করেন।