মঙ্গলবার (৬ জানুয়ারি) কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ওয়াসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এর আগে, শনিবার (৪ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে কদমতলীর রাজাবাড়ী আলী বহর এলাকার বাসা থেকে পাঁচ-ছয়জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তার স্ত্রী শারমিন আক্তার টুম্পা। এ ঘটনায় তিনি কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর কদমতলী থানা পুলিশ তদন্ত শুরু করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালানো হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, ওয়াসিম কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিলেন না। বরং, তিনি একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অবস্থান করছিলেন।
পরিবারের সম্মতিতে ওয়াসিমের ছোট ভাই রাকিব স্ত্রীকে না জানিয়েই ভোরবেলা তাকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান।
উদ্ধারের পর, মঙ্গলবার বিকেলে ওয়াসিমকে তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।