মাগুরায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে মিলল ধারালো ব্লেড

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ আগস্ট, ২০২৬ ০২:০৯:৪৩
ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতর ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার বোন রুটি ভাগ করে খাওয়ার সময় ব্লেডটি দেখতে পায় বলে পরিবারের দাবি। এ ঘটনায় শিশুদের খাবারের নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা প্রশাসন।

জানা গেছে, গত ৬ আগস্ট বৃহস্পতিবার হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ফিডিংয়ের বনরুটি বাড়িতে নিয়ে যায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম অর্চি। রাতে ছোট বোনের সঙ্গে রুটিটি ভাগ করে খাওয়ার সময় মাঝ বরাবর একটি ধারালো ব্লেড দেখতে পায় বলে পরিবারের দাবি।

শিক্ষার্থীর মা বিলকিস আক্তার লিজা বলেন, রুটি ছিঁড়তে গিয়ে ভেতরে একটি আস্ত ব্লেড দেখতে পান তারা। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে রোববার রুটিসহ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকাকে দেখানো হয়। শিশুদের খাবারে এমন মরণঘাতী বস্তু পাওয়ায় তারা শঙ্কিত বলেও জানান তিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর চক্রবর্তী বলেন, ৯ আগস্ট এক অভিভাবক বিদ্যালয়ে রুটিটি এনে দেখান। রুটির মাঝ বরাবর একটি আস্ত ব্লেড ছিল। পরে বিষয়টি প্রধান শিক্ষিকাকে জানানো হয়।

প্রধান শিক্ষিকা আফরোজা শিরিন বলেন, ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন। পরে বিদ্যালয়ে এসে শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলেছেন। তাদের অভিযোগ এবং রুটির ছবি তুলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

খামারপাড়া ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোমিনুর রহমান বলেন, অভিযোগের প্রমাণ থাকলে বিষয়টি নিয়ে প্রতিবেদন দেওয়া হবে।

তবে স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা তাদের জানানো হয়নি এবং বিষয়টি তার জানা নেই।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, বিষয়টি তিনি বৃহস্পতিবার জানতে পেরেছেন। এ নিয়ে তদন্ত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, ঘটনাটি তার জানা ছিল না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন।

অভিভাবকদের দাবি, শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান, প্রস্তুত প্রক্রিয়া ও প্যাকেটজাতকরণে যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত ২২ জুলাই বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০