মাদারীপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটকচর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার পর ঢাকা–বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।