সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটির ওপর ১৩ জন শ্রমিক অবস্থান করছিলেন। পথে হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত ছয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, 'ভোররাতে দুর্ঘটনাটি ঘটে এবং এতে সাতজন নিহত হন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত সাতজনই পুরুষ। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।