কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কেউ হতাহত হননি।
বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কেন্দ্রের বাইরে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বিস্ফোরণের শব্দে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আনসার কমান্ডার রফিকুল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তৎপরতার কারণে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। শব্দটি ককটেলের ছিল কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও তিনি জানান। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পান্টি কলেজের প্রভাষক আব্দুল ওয়াদুদ বলেন, রাত ১২টা ৪২ মিনিটের দিকে তারা বিকট শব্দ শুনতে পান। বাইরে গিয়ে ভোটকেন্দ্রের প্রায় ১০ থেকে ১৫ গজ দূরে ধোঁয়া উঠতে দেখেন। সে সময় আশপাশে কাউকে দেখা যায়নি। ঘটনার পরপরই প্রশাসনকে জানানো হলে সেনাবাহিনীর সদস্যরা এসে এলাকা পরিদর্শন করেন।