রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এমন ঘটনা ঘটে। নিহতরা হলেন: এরশাদ আলী (৪২), তার বোন কুলছুম বেগম (৫৫) এবং কাওছার মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১৬ শতক জমি নিয়ে আলতাফ হোসেন ও এরশাদ আলীর পরিবারের মধ্যে বিরোধ চলছিল। কয়েকবার সালিশ-সমঝোতার চেষ্টা হলেও কোন সমাধান হয়নি। রোববার সকালে ওই জমিতে চাষাবাদকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এরশাদ আলী এবং তার বোন কুলছুম বেগম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় কাওছার মিয়া।
এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, 'জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।'
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
সদ্য সংবাদ/আতিকুর রহমান