কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কুমিল্লা মডার্ন হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা–সম্পর্কিত দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ৮ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হায়দার আলীর উপস্থিতিতে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লা মডার্ন হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান এবং সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ।
সমঝোতা চুক্তিতে স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “বর্তমান প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা সঠিকভাবে স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারেননি। তাই আমরা আমাদের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা বীমা এবং বিভিন্ন মানসম্মত হাসপাতালের সঙ্গে ডায়াগনস্টিক সেবাসংক্রান্ত সমঝোতা চুক্তি করছি।”
তিনি আরও বলেন, “শুরুতে আমরা ইবনে সিনা হাসপাতালের সঙ্গে চুক্তি করেছি। আজ কুমিল্লার অন্যতম একটি হাসপাতাল, যেখানে স্বাস্থ্যসেবার গুণগত মান ভালো, সেই মডার্ন হাসপাতালের সঙ্গে চুক্তি করলাম। আশা করি এর মাধ্যমে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা এবং তাঁদের ওপর নির্ভরশীলরা সাশ্রয়ী মূল্যে সেবা গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”
এই চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবার এবং শিক্ষার্থীরা এ সুবিধা ভোগ করবেন।