চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করাকে নৈতিক, ঈমানি ও রাজনৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি ।
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করাকে নৈতিক, ঈমানি ও রাজনৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি ।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের পরওয়ার বলেন, 'জামায়াতের আমিরের পক্ষ থেকে আমরা খালেদা জিয়াকে দেখতে এসেছি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের দীর্ঘ দিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি গুরুতর অসুস্থ। তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিকভাবে দোয়া করা আমাদের সবার নৈতিক, ঈমানি এবং রাজনৈতিক দায়িত্ব।'
জামায়াতে ইসলামীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিয়া গোলাম পরওয়ার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন এবং দলের পক্ষ থেকে তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন। এসময় গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন ঢাকা–১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালে যান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
সাংবাদিকদের সঙ্গে আলাপে খালেদা জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, 'স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। এজন্যই তিনি সংগ্রামের প্রতীক হয়ে আছেন।'