বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি কারাবন্দি থাকলেও তার সমর্থকরা নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। প্রচারণায় ব্যারিস্টার সুমনকে ‘অকুতোভয় জননেতা’ হিসেবে তুলে ধরে তার অনুসারীরা বলছেন, হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেও তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার সংগ্রামে অবিচল রয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।