রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
কারাগার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করেন সামিকুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
রাত ১২টার দিকে পুলিশ স্কোয়াডের মাধ্যমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তিনি মারা যান।
গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সামিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন।
তিনি আরও জানান, অসুস্থ হওয়ার পরপরই কারা বিধি অনুযায়ী তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হয়।