গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় দূষিত পানি পান করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে শ্রমিকদের মধ্যে হঠাৎ মাথাব্যথা, বমি ও ডায়রিয়া দেখা দিতে থাকে। অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠানো হলে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়। বাকি শ্রমিকরা সফিপুর তানহা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ ইসলাম জানান, “এ হাসপাতালে আসা অধিকাংশ শ্রমিকই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত। বেশিরভাগের তীব্র ডায়রিয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মহাখালীতে পাঠানো হয়েছে।”
অসুস্থ শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার অভিযোগ করে বলেন, “সোমবার সন্ধ্যা থেকেই শ্রমিকরা অসুস্থ হতে শুরু করলেও তৎক্ষণাৎ কারখানা বন্ধ করা হয়নি। মঙ্গলবার সকালেও কাজে ঢোকার পর অনেকে আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।”
তানহা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, “কারখানার পানি পান করার কিছুক্ষণের মধ্যেই পেট ব্যথা শুরু হয়। পরে ডায়রিয়ায় আক্রান্ত হলে আমাকে হাসপাতালে আসতে হয়।”
কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, “শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ার পরপরই আমরা তাদের হাসপাতালে পাঠাই। চিকিৎসার সমস্ত ব্যয় প্রতিষ্ঠানই বহন করছে।”
ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন কাজ করছে। পানির উৎস ও বিশুদ্ধকরণ ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/ এম এইচ হৃদয় খান