পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের প্রধান সড়ক ওয়াপদা সড়কে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া অসংখ্য গর্তের কারণে সাধারণ মানুষ, অটোরিকশা চালক ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদার।
বুধবার (২৪ জুন) দুপুরে তাঁর নিজস্ব উদ্যোগে শহরের ট্রলারঘাট সংলগ্ন এলাকা থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ইট ফেলে গর্ত ভরাটের কাজ করা হয়। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে কাজের সার্বিক তদারকি করেন এবং দ্রুত কাজ সম্পন্নের নির্দেশনা দেন।
স্থানীয় অটোরিকশা চালক, ব্যবসায়ী ও পথচারীরা দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানান এবং রিমন সিকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে হাজী আবুল হাসনাত রিমন সিকদার বলেন, “সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছি। জনগণের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।