ঝিনাইদহ–৪ আসনের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এসব শিট জব্দ করেন।
ঘটনার পর ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগের রাতে কালীগঞ্জের সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের একজন পোলিং এজেন্ট উপস্থিত হলে প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরা তার কাছ থেকে ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর নেন। পরে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে স্বাক্ষর করেন।
ঘটনার পর বাইরে এসে ধানের শীষ প্রতীকের ওই পোলিং এজেন্ট ফাঁকা রেজাল্ট শিটে সই করার বিষয়টি প্রকাশ করলে এলাকায় সমালোচনা শুরু হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে পৌঁছে স্বাক্ষর করা ২৩টি শিট জব্দ করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, নিয়ম অনুযায়ী ভোট গণনা শেষে পোলিং এজেন্টরা রেজাল্ট শিটে স্বাক্ষর করবেন। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা আগেই ফাঁকা শিটে স্বাক্ষর করিয়েছেন, যা বিধিসম্মত নয়। এ কারণে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।