জামালপুরের মেলান্দহ উপজেলায় একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক তরুণীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে হুমায়ুন আহমেদ (২৫) ও তার স্ত্রী শ্রাবন্তী (২০) তাদের একমাত্র সন্তান শাওন (৯ মাস) নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে চারটার দিকে হুমায়ুন ঘুম থেকে জেগে দেখেন, ঘরের সামনে ও পেছনের দরজা খোলা। বিছানায় স্ত্রী ও সন্তান কাউকেই খুঁজে পাননি তিনি।
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশু শাওনকে দেখতে পান এক স্বজন। তবে সেখানে শিশুটির মা শ্রাবন্তীকে পাওয়া যায়নি।
এরপর হুমায়ুনের স্বজনরা শ্রাবন্তীকে আটক করে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
অভিযুক্ত তরুণী শ্রাবন্তী বলেন, রাত সাড়ে তিনটার দিকে এক অজ্ঞাত ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে তিনি দরজা খোলেন। এরপর মুখোশধারী ওই ব্যক্তি তাকে রুমাল দিয়ে অজ্ঞান করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে ভাবকী বাজার এলাকায় নামিয়ে দেয়।
তিনি আরও দাবি করেন, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে এনে বেঁধে রাখেন।
এদিকে হুমায়ুন আহমেদ দাবি করেন, তার স্ত্রী এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছেন এবং বিভিন্ন ছেলের সঙ্গে যোগাযোগ করতেন। তিনি বলেন, “আমার স্ত্রীই আমার সন্তানকে হত্যা করেছে।”
তিনি আরও বলেন, পূর্বেও বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।