জামালপুর সদর–৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাসুদ ইব্রাহীম।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে তিনি সমর্থক ও কর্মীদের নিয়ে নির্বাচন আচরণবিধি মেনে সদর উপজেলার নারিকেলী, গুদাশিমলা, নান্দিনা, রানাগাছা লক্ষ্মীরচর ও তুলশীরচর বাজার এলাকায় মোটর শোভাযাত্রা, মাইকিং ও গণসংযোগ করেন। এ সময় তিনি প্রান্তিক জনগণের কাছে ফুটবল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ বিষয়ে জামালপুর সদর–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, তিনি ফুটবল প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মেলান্দহ–মাদারগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফুটবল প্রতীকে তাকে বিজয়ী করা হলে জামালপুর সদর আসনের পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি নতুন শিল্পকারখানা স্থাপন, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করে নাগরিক অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
এ ছাড়া নারীর অধিকার ও নারীদের ক্ষমতায়ন, বেকার যুবক-যুবতীদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে জামালপুর সদর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন মাসুদ ইব্রাহীম।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করেন এবং দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।