জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বুধবার বলেছেন, ইরানের সরকারের “দিন ফুরিয়ে এসেছে”—এমন মন্তব্য তিনি করেছেন এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে বিক্ষোভ দমনের পর হস্তক্ষেপের হুমকি নতুন করে দিয়েছেন।
রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মের্ৎস বলেন, “যে শাসনব্যবস্থা নিজের জনগণের ওপর নিছক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে টিকে থাকতে চায়, তার দিন ফুরিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, “এটা কয়েক সপ্তাহের ব্যাপারও হতে পারে; এই শাসনের দেশ পরিচালনার কোনো বৈধতা নেই।”
সাম্প্রতিক বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যুর খবরের প্রসঙ্গ টেনে চ্যান্সেলর বলেন, “এতে প্রমাণ হয় যে মোল্লাদের শাসন কেবল নিছক সন্ত্রাসের মাধ্যমেই ক্ষমতায় আঁকড়ে থাকতে পারছে।”
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ৬ হাজার ২০০–এর বেশি মৃত্যুর তথ্য যাচাই করেছে। এসব মৃত্যুর অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের। ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া এই বিক্ষোভ জানুয়ারির ৮–৯ তারিখে চরমে পৌঁছায়।
অধিকারকর্মীদের দাবি, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ইন্টারনেট বন্ধ থাকায় হত্যাকাণ্ডের প্রকৃত মাত্রা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
এদিকে মের্ৎস ইতালির সেই উদ্যোগেরও সমর্থন জানিয়েছেন, যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস –কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে চায়।
তিনি বলেন, “আমি অত্যন্ত দুঃখিত যে ইউরোপীয় ইউনিয়নের এখনও এক বা দুইটি দেশ এ ধরনের তালিকাভুক্তির পক্ষে প্রস্তুত নয়।”