গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফার ওই হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা নিহত হয়েছেন।
এবার খামেনির মৃত্যুর পর ইরানের সম্ভাব্য নতুন নেতৃত্বের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, 'ইরানে নেতৃত্বের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এবং যে কেউ নেতা হওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।'
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে ট্রাম্পের এমন মন্তব্য তুলে ধরা হয়।
সেখানে তিনি আরও বলেন, 'ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বর্তমানে বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি।'
ট্রাম্প বলেন, 'কেউ আমাকে জিজ্ঞেস করেছিল ১০–এর মধ্যে আমাদের অবস্থান কত দেব? আমি বলেছি, প্রায় ১৫।'
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়েছে।
হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতি আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত আকার দিতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন নিরাপত্তা সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।