ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি আন্দোলন অব্যাহত রাখার সরাসরি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানের দেশপ্রেমিকেরা, প্রতিবাদ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠান দখল করুন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম লিখে রাখুন।’ তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাদের বড় মূল্য দিতে হবে।’
ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের প্রসঙ্গ তুলে ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থগিত রাখার ইঙ্গিতও দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বিক্ষোভকারীদের অর্থহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে। MIGA।’

এখানে ‘MIGA’ বলতে ট্রাম্প বোঝান ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’, যা তার বহুল ব্যবহৃত রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর আদলে তৈরি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের বার্তা বহন করে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। বিশেষ করে চলমান বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের মধ্যে এমন মন্তব্য কূটনৈতিক অচলাবস্থাকে আরও গভীর করতে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করছেন।
এ বিষয়ে এখনো ইরান সরকারের পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।