ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাইলে সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র-জনতা শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’ এবং ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেন।
অবরোধের কারণে শাহবাগ মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে জাতীয় জাদুঘরের পাশের একটি সড়ক দিয়ে সীমিত পরিসরে যান চলাচল করছে।
এর আগে, শুক্রবার দুপুরে হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রার ঘোষণা দেন। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা যমুনা অভিমুখে রওনা হন।
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে পড়া আন্দোলনকারীরা পরে বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও ফাতেমা তাসনিম জুমাসহ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।