পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ টিম তাকে গ্রেপ্তার করে। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সালাউদ্দীন আইয়ূবী হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফেরেন বলে জানিয়েছে পুলিশ।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ২০১৩ সালে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি নাশকতা মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, 'আদালতের জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এর বাইরে এ বিষয়ে আপাতত আর কোনো তথ্য জানানো হয়নি।'