রোববার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১-দলীয় ঐক্যের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
কর্নেল অলি বলেন, 'কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।'
তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকেই সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন গণমাধ্যমে মুসলমানদের ওপর নির্যাতনের খবর প্রকাশিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে এলডিপি চেয়ারম্যান বলেন, 'বিশ্ব ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। একই সঙ্গে দেশে সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ বন্ধ করতে হবে।'
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কর্নেল অলি বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললেও এলডিপি আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের পক্ষে অবস্থান নেয়। গণভোটে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে জুলাই সনদকে বৈধতা দিয়েছে। তবে সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে আসায় দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাহউদ্দিন আহমদ ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিলেও বিএনপি এখন সেটিকে নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চাইছে।'
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।