ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এক সৌজন্য সাক্ষাতে এই প্রত্যাশার কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
পরবর্তী আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয় উঠে আসে। এ সময় বাংলাদেশ আশা প্রকাশ করে যে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়।
সদ্য সংবাদ/এসকে